মাদ্রাসায় কৃষি শিক্ষকদের যোগদানের সময় বাড়ছে

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০২:২৭ এএম

মাদ্রাসায় কৃষি বিষয়ে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানের সময় বাড়ানো হচ্ছে। সুপারিশ পেয়েও নীতিমালা অনুসারে বিএড ডিগ্রি না থাকায় যোগদান করতে বাধার মুখে পড়েছেন কৃষি বিষয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালার শর্ত আপাতত শিথিল করে ওইসব শিক্ষককে যোগদানের জন্য এক মাস সময় দিতে এনটিআরসিএকে সুপারিশ করেছে বলে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

জানতে চাইলে এনটিআরসিএ’র চেয়ারম্যান আশফাক হুসেন দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি। চিঠিতে এক মাস সময় বাড়ানোর সুপারিশ করা হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।’ এর আগে গত বছর প্রকাশিত মাদ্রাসার এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কৃষি বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে বিএডসহ কৃষি সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি পাস বা সম্মান ডিগ্রি অথবা বিএডসহ কৃষি ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু যেসব শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের বিএড ডিগ্রি না থাকায় বিপত্তি বাধে। তবে যোগদানের পর বিএড ডিগ্রি গ্রহণ করতে ওই শিক্ষকদের তিন বছর সময় দেওয়া হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত