প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সোমবার শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসরের ফাইনালে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ২৪ রানে হারায় দলটি। টি-টোয়েন্টি আসর হলেও প্রিমিয়ারে এটি তাদের প্রথম শিরোপা। এর আগে কখনোই ট্রফি জেতা হয়নি বলে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহানের মনে আলাদা তাগিদ ছিল। চেয়েছিলেন দলকে একটা ট্রফি উপহার দিতে।
জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান টি-টোয়েন্টি টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। চার ম্যাচে ১২৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। ফাইনালেও চ্যালেঞ্জিং পুঁজি গড়তে তার ৩৩ রানের ইনিংসের ছিল বড় অবদান।
সব মিলে শিরোপা জয়ী অধিনায়ক বেশ খুশি। নিজের অনুভূতি তিনি জানালেন এভাবে, ‘‘অবশ্যই ভালো। কারণ এই ধরনের টুর্নামেন্টে শেখ জামাল অনেক দিন ধরেই ক্রিকেটের সাথে আছে। ক্রিকেটে এটা প্রথম চ্যাম্পিয়নশিপ। খেলা শুরুর হওয়ার আগে জানতে পারলাম যে এর আগে কোনো চ্যাম্পিয়নশিপ পায়নি।’’ আর এ কারণে দলকে ট্রফি দেওয়ার জন্য আলাদা তাগিদ অনুভব করছিলেন সোহান, ‘‘এ জন্য আলাদা একটা আকাঙ্ক্ষা ছিল।’’
মিরপুরে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৭ রান করেছিল শেখ জামাল। জবাবে ৮ উইকেটে ১৩৩ রানে থামে দোলেশ্বরের ইনিংস। বোলিংটা হয়েছে দারুণ। তার আগে ইমতিয়াজ হোসেনের ব্যাটে দারুণ শুরু পায় শেখ জামাল। এরপর বিপর্যয়। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান সোহান ও তানবীর হায়দার (৩১)।
শেষ পর্যন্ত ভালো একটা লক্ষ্য জমা পড়ে স্কোর বোর্ডে। যা দলের সবাইকে আত্মবিশ্বাসী করেছিল বলে জানান সোহান, ‘‘তান্না (ইমতিয়াজ) ভালো শুরু করেছিল। টি-টুয়েন্টিতে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মাঝে খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছিলাম। তো আমি আর তানবীর যখন ব্যাট করছিলাম, টার্গেট ছিল শেষ পর্যন্ত খেলা নিয়ে যাওয়া, যেন ১৬০ রানে পৌঁছাতে পারি। শেষ পর্যন্ত আমরা ১৫৭ রান করেছি। যার কারণে আমরা সবাই কনফিডেন্ট ছিলাম ফিল্ডিংয়ের সময়।’’
এমনিতে প্রিমিয়ার লিগে একজন করে বিদেশি খেলতে পারলেও এই টি-টোয়েন্টি আসর ছিল শুধুই দেশিদের নিয়ে। তাতে বড়সড় লাভই হয়েছে দেশের ক্রিকেটে। বিপিএলে সাধারণত থাকে বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। এই আসর শুধুই দেশিদের হওয়ায় টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন অনেকেই। আসরের ম্যাচগুলো আবার স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা পেয়েছিল। সোহান বললেন বিদেশি ছিল না বলেই আলাদা উপভোগ্য ছিল টুর্নামেন্টটি।
তা ছাড়া বিপিএলের বাইরে আরো একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টকে দেশের ক্রিকেটের জন্যই মঙ্গল বলে মনে করেন সোহান। শিরোপা জয়ী অধিনায়ক বলেন, ‘‘এটা অবশ্যই ভালো। বিপিএল হয়, বিপিএল ছাড়া এমন টুর্নামেন্ট হয় না। এটার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে খুবই উপভোগ্য। টুর্নামেন্ট ছোট পরিসরে হলেও সবাই উপভোগ করেছে। অবশ্যই এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো।’’
