আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করা হবে: আতিকুল ইসলাম

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৭:৩২ পিএম

প্রয়াত মেয়র আনিসুল হকের স্মৃতিচারণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রয়াত মেয়রের স্বপ্ন পূরণই হবে আমার লক্ষ্য। তিনি আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো অধিক গুরুত্ব দিয়ে শেষ করা হবে বলেও জানান।

মঙ্গলবার বিকেলে সাভারের আশুলিয়ার থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে নিজের মালিকানাধীন ইসলাম গ্রুপের রোজ ড্রেসেস লিমিটেড তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বার্ষিক বনভোজনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

ঢাকায় প্রধান সমস্যা হচ্ছে যানজট বলে উল্লেখ করে তিনি বলেন, তাই আমি ঢাকাকে যানজট মুক্ত করে আধুনিক নগরী হিসাবে গড়ে তুলব। উত্তরে যে সব খেলার মাঠ দখল হয়ে আছে সেই মাঠগুলো খুব শিগগিরই উদ্ধার করা হবে।

ঢাকাকে আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নব নির্বাচিত মেয়র বলেন, সবাইকে নিয়ে আমি নতুন ঢাকা গড়ব যেন ঢাকা উত্তরে কোন সন্ত্রাস বা চাঁদাবাজি না থাকে। ।

ঢাকাকে মাদক ও মশামুক্ত করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ব্যবসা, অর্থনীতি ও রাজনীতি সবকিছুকে মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে।

বনভোজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলামের মালিকানাধীন পোশাক কারখানার প্রায় ছয় হাজার শ্রমিক অংশ গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, রোজ ড্রেসেস পোশাক কারখানার এর জেনারেল ম্যানেজার সাধন কুমার দেসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত