কাশিয়ানীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে খুন

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৭:৪৩ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে আলমগীর হোসেন শেখ (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ সময় আরো ৩ জন আহত হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে ।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলা গ্রামে গত রবিবার মো. রাহেন শেখের ছেলে আলমগীর হোসেন শেখ এবং প্রতিবেশী মো. নজরুল শেখের সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে এক অপরের ওপর হামলা চালালে মো. রাহেন শেখের ছেলে মো. আলমগীর হোসেন শেখ (৫০) মো. মনু শেখ (৪৮) মো. চন্নু শেখ (৪৫) ও মো. রশিদ শেখের ছেলে মো. সাদেক শেখ (৪৮) মারাত্মক ভাবে আহত হয়। পরে তাদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আলমগীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠালে মঙ্গলবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের ভাই মো. চন্নু শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।  

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত