কমলাপুর রেলস্টেশনে অব্যবস্থাপনা, অনিয়ম ও যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। অবকাঠামোগত উন্নয়নসহ এক মাসের মধ্যে যাত্রীসেবার মানোন্নয়ন না হলে যারা দায়িত্বে রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেনন। মন্ত্রী বলেন, কমলাপুর রেলস্টেশনের সার্বিক কার্যক্রম দেখতে পরিদর্শন করেছি। তাদের কার্যক্রমে সন্তুষ্ট হতে পারিনি। তাই অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করতে এখানকার ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষকে এক মাসের সময় দিয়েছি। এ সময়ের মধ্যে সংশোধন না হলে ব্যর্থতার দায়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
×
