শিক্ষার্থীদের কাউন্সেলিং নীতিমালা গঠনে কমিটি

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৬:২৫ পিএম

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কাউন্সেলিং সেবা প্রদানের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে স্বাক্ষরিত এক আদেশে সাত সদস্যের কমিটি গঠন করার বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সুইসাইড/বুলিংসহ যে কোনো ধরনের ইনজুরি প্রতিরোধ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে কাউন্সেলিং সেবা প্রদান সংক্রান্ত জাতীয় নীতিমালা প্রণয়নে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে কাউন্সেলিং সেবা প্রদান সংক্রান্ত জাতীয় নীতিমালার খসড়া মতামতসহ মন্ত্রণালয়ে দাখিল করার জন্য বলা হয়েছে। 

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল আমিন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মাকসুদা হোসেন, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোল্লা সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও রাজধানীর গভ. ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দেওয়ান তাহেরা আক্তার। আর সদস্যসচিব হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মান্নান সরকার।

গত ৩ ডিসেম্বর শান্তিনগরে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারী আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনার পর আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এ সংক্রান্ত জাতীয় নীতিমালা করতে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত