নারীবান্ধব কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে: প্রধান বিচারপতি

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১০:০৭ পিএম

সর্বস্তরে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, সরকারি এবং বেসরকারি উদ্যোগের ফলে সকল ক্ষেত্রে নারীর প্রভূত উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে।

‘আন্তর্জাতিক নারী দিবস’ উদ্‌যাপন উপলক্ষে বুধবার সুপ্রিম কোর্ট গার্ডেনে নারী আইনজীবীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, নারীদের অবদানের স্বীকৃতি প্রদান এবং তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ দিনটিকে আমি গুরুত্ববহ এবং মর্যাদাপূর্ণ বলে মনে করি। নারী-পুরুষের সমতা ভিত্তিক অধিকার নিশ্চিত করতে বিশ্ববাসী আজ ঐক্যবদ্ধ। এ দৃঢ় প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলতে হবে এবং নেতৃত্বদানে বিকশিত হতে হবে। এ জন্য সর্বস্তরে নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নারীর অধিকার আদায় এবং সমমর্যাদার বিষয়টি আমাদের রাষ্ট্রীয় চিন্তা ও নীতিতেও প্রতিভাত হচ্ছে। দেশের বিভিন্ন আদালতে নারী বিচারক ও আইনজীবীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে- যা সত্যিই আশাব্যঞ্জক। নারীরা ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে  নিজদেরকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছেন।

প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ নারী সংক্রান্ত ইস্যুতে অনেক সংবেদনশীল। পারিবারিক সহযোগিতা ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি বিচার বিভাগ ও আইন পেশায় নারীর বলিষ্ঠ পদচারণা বৃদ্ধি করতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত