দুদক চেয়ারম্যানের বক্তব্য হতাশাব্যঞ্জক : টিআইবি

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৪:৩০ এএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তাই সমালোচনা সহ্য করার মতো সৎ সাহস প্রতিষ্ঠানটির থাকতে হবে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সমালোচনার জবাবে টিআইবি আরও বলছে, টিআইবি কোনোভাবেই একচোখা নয়। সংগঠনটির সব অবস্থান, প্রতিবেদন ও বক্তব্য সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, বৈজ্ঞানিক পন্থায় প্রণীত গবেষণাপ্রসূত এবং নিরপেক্ষ। ফলে দুদক চেয়ারম্যানের বক্তব্য অমূলক এবং হতাশাব্যঞ্জক। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলে টিআইবি।

গত মঙ্গলবার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডি, জেনেভাভিত্তিক নীতি কৌশল বিশেষজ্ঞ ম্যাথিয়াস বসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুদক চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করে। এ সময় টিআইবির সমালোচনা করে দুদক চেয়ারম্যান বলেন, টিআইবি সম্পর্কে ভালো ভাবমূর্তি থাকলেও সমালোচনাও শোনা যায়। তাদের একচোখা হলে চলবে না, দুচোখা হতে হবে।

দুদক চেয়ারম্যানের এমন সমালোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিজ্ঞপ্তিতে বলেন, টিআইবি শুধু বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের সুশাসনের ঘাটতি ও দুর্নীতিসংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের ওপর নির্ভর করে ঘাটতি চিহ্নিত করে না, বরং প্রতিটি ক্ষেত্রেই সমস্যা উত্তরণে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রদান করে থাকে। তাছাড়া টিআইবি প্রণীত প্রতিটি গবেষণা প্রতিবেদনেই সংশ্লিষ্ট খাতের বা প্রতিষ্ঠানের বিদ্যমান চ্যালেঞ্জের পাশাপাশি ইতিবাচক অর্জনসমূহ অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করা হয়। টিআইবি সম্পর্কে দুদক চেয়ারম্যানের বক্তব্য সম্পূর্ণ অমূলক এবং হতাশাব্যঞ্জক। টিআইবির চোখ কখনই একচোখা নয়, দুচোখাই আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত