দিল্লিতে ফিরছেন পাক রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের চেষ্টায় উত্তেজনা নিরসন

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৯:৫১ এএম

ভারতের সঙ্গে উত্তেজনা কমে এসেছে বলে দাবি করেছে পাকিস্তান এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেই ধন্যবাদ দিয়েছে দেশটি। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের দিকে যাওয়ায় নয়াদিল্লিতে রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো হবে বলে পাক পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে। দ্য ডনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

একই সঙ্গে চীন, সৌদি আরবসহ অন্যান্য রাষ্ট্রগুলোকেও ধন্যবাদ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।  

বুধবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের সঙ্গে উত্তেজনা কমে এসেছে বলে আমরা ধারণা করছি। দুই দেশের সম্পর্কের জন্য এটি একটি ইতিবাচক উন্নয়ন।”

ইসলামাবাদে সাংবাদিকদের তিনি আরও বলেন, “এ জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মার্কিন পররাষ্ট্র মাইক পম্পেওকে। তার ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র এখানে বড় ধরনের ভূমিকা পালন করেছে।”

কোরেশি বলেন, “একইভাবে চীন, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, জর্ডান এবং আরব আমিরাতকেও ধন্যবাদ দিতে চাই যারা এ উত্তেজনা নিরসনে নানাভাবে কূটনৈতিকভাবে এগিয়ে এসেছে।”

image

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় নয়াদিল্লিতে পাক রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন। সঙ্গে যোগ করেন, “কারতারপুর করিডর নিয়ে পূর্ব নির্ধারিত আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদ সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ১৪ মার্চ দিল্লিতে যেতে আমাদের প্রতিনিধি দল প্রস্তুত আছে।”

এ ছাড়া দুই দেশের মধ্যে চলে আসা সাপ্তাহিক যোগাযোগ পুনরায় শুরু করতে চাই পাকিস্তান, এমনটা জানান কোরেশি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত