চলমান উত্তেজনার মধ্যে আবারও ভারতে মারধরের শিকার হয়েছেন কাশ্মীরি ব্যবসায়ীরা। গত বুধবার স্থানীয় সময় বিকেলে লক্ষ্ণৌয়ে দুই ফল ব্যবসায়ীকে পিটিয়েছে হিন্দুত্ববাদীরা। মারধরের ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চারজনই নিজেদের বিশ্ব হিন্দু দলের সদস্য বলে পরিচয় দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী মোহাম্মদ আফজাল নায়েক ও আবদুস সালাম কয়েক বছর ধরে লক্ষ্ণৌয়ে বসবাস করছেন। ঘটনার দিন হামলাকারীরা হঠাৎ করে এসে তাদের লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে। মারধরকারীদের মধ্যে একজন এই ঘটনার ভিডিও করে তা অনলাইন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা গেছে, এক হামলাকারী বলছে, কাশ্মীরের বাসিন্দা হওয়ায় তাদের পেটানো হচ্ছে। কেউ কেউ তাদের জঙ্গি বলেও আখ্যায়িত করে। এমনকি আধার কার্ড (জাতীয় পরিচয়পত্র) দেখতে চায়। ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে ফেইসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এর সমালোচনা অব্যাহত রয়েছে। অনেক ভারতীয় একে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন।
লক্ষ্ণৌ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিজেদের বিশ্ব হিন্দু দলের সদস্য বলে পরিচয় দিয়েছেন। এর মধ্যে হিমাংশু আয়াস্থি নামের একজন নিজেকে দলটির প্রেসিডেন্ট বলে পরিচয় দেন।
