বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ তা বাস্তবায়ন করা হয়েছিল।
এ কারণেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছে। অথচ বর্তমানে নারী ও শিশুরা সব চেয়ে বেশী নির্যাতনের শিকার হচ্ছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী, সমৃদ্ধিশালী ও সম্মানজনক জীবন কামনা করে তাদের প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, খালেদা জিয়ার সরকারের আমলে গৃহীত কর্মসূচি অব্যাহত রাখলে নারীরা দেশের আর্থসামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান আওয়ামী লীগ শাসনামলে উদ্বেগের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি। রক্ষা পাচ্ছে না শিশুরা। বর্তমান দুঃসময়ে নারী ও শিশুরা অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে সরকারের কারাগারে বন্দী। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে।
নারী সমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান মির্জা ফখরুল।
