ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিতকারী দুই পাইলটের নাম প্রথমবারের মতো ঘোষণা করেছে পাকিস্তান। দুই পাইলটের একজন স্কোয়াড্রন লিডার আর অন্যজন উইং কমান্ডার।
বুধবার পার্লামেন্টে এই দুই পাইলটের নাম প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী।
দুই পাইলট হলেন- স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকী এবং উইং কমান্ডার নুমান আলী খান। এই ‘বীর পাইলটকে’ তিনি শ্রদ্ধা জানাতে চান বলেও পার্লামেন্টে জানান।
জিও টিভি জানায়, অবশ্য ওই ঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকীর নাম ছড়িয়ে পড়ে।
গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে বিরল ‘ডগফাইটে’ (দুই যুদ্ধবিমানের লড়াই) জড়িয়ে পড়ে পাকিস্তানি যুদ্ধবিমান। এসময় একটি মিগ-২১ সহ দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান।
এনিয়ে দুদেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। অবশ্য দু’দিন পর আটক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরত দেয় পাকিস্তান। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের কথিত আস্তানায় বিমান হামলা চালিয়ে প্রায় ৩৫০ জন জঙ্গিকে হত্যার দাবি করে ভারত। যদিও স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ঘটনায় কেবল একজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।
বিমান হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়। এর পরদিনই পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় হানা দেয়। ভারতীয় যুদ্ধবিমান সেগুলোকে বাধা দিতে গেলেই এই ‘ডগফাইটের’ সূত্রপাত হয়।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি এই জেলায় সিআরপিএফ গাড়িবহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হন। আহত হন আরও ডজনখানেক। এঘটনায় গোটা ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জইশ-ই-মুহাম্মদ দায় স্বীকার করলেও ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে।
