আসুন রাস্তা, পাড়া, প্রতিবেশী সবাইকে নিয়ে গুছিয়ে থাকি: মেয়র আতিকুল

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১০:১৭ পিএম

ঢাকায় বসবাসকারী সবাইকে রাস্তা, পাড়া, প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা ‘গুছিয়ে থাকার’ আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব-নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম।  

তিনি বলেছেন, ‘আমরা ঢাকায় যারা থাকি, নিজেদের ঘরকে যেমন গুছিয়ে রাখি, আসুন আমাদের রাস্তা, পাড়া, প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা গুছিয়ে থাকি’।

শুক্রবার বিকেল ৪টায় কাউন্সিলরদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

তিনি বলেন, শুধু মেয়র বা কাউন্সিলর না, ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে কাজ করলে একটি সুন্দর, সুস্থ, গতিময় এবং আধুনিক ঢাকা শহর গড়তে পারব।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর ঢাকা গড়ার প্রত্যয় নেই।

মেয়র বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ডাকে সবাই এগিয়ে আসলে, সবাই চেষ্টা করলে এটা সম্ভব। আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের নিজেদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে এমনিতে ঢাকা একটি সুন্দর শহরে পরিণত হবে।

আতিকুল ইসলাম বলেন, আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব, যেখানে ওভারব্রিজ ও ফুটওভার ব্রিজে রাস্তা পার হব। ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলব।

এর আগে মেয়র নব-নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়া, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত