আধুনিক ঢাকা গড়তে সবার সহযোগিতা চান মেয়র আতিক

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০১:৪২ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শুধু মেয়র বা কাউন্সিলর না, নগরবাসীকে সঙ্গে নিয়ে সবাই মিলে কাজ করলে একটি সুন্দর, সুস্থ, গতিময় ও আধুনিক ঢাকা শহর গড়া সম্ভব। গতকাল শুক্রবার ডিএনসিসির কাউন্সিলরদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, ‘আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর ঢাকা গড়ার প্রত্যয় নিই। আমি বিশ্বাস করি, আমাদের ডাকে সবাই এগিয়ে আসলে, সবাই চেষ্টা করলে এটা সম্ভব। আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের নিজেদের দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে এমনিতে ঢাকা শহর একটি সুন্দর শহরে পরিণত হবে।’ নাগরিকদের নিজ থেকে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব, যেখানে ওভারব্রিজ ও ফুটওভারব্রিজ আছে সেখান থেকে রাস্তা পারাপার হবে। ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলব। আমরা ঢাকায় যারা থাকি তারা নিজেদের ঘরটি যেমন গুছিয়ে রাখি, আসুন আমাদের রাস্তা, পাড়া ও প্রতিবেশী সবাইকে নিয়ে তেমনিভাবে আমরা গুছিয়ে থাকি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত