কানে ইয়ারফোন, ট্রেনে কাটা পড়ে পল্লীবিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০২:৫৪ পিএম

কানে ইয়ারফোন লাগানো অবস্থায় ডেমু ট্রেনে কাটা পড়ে মো. রতন (৩০) নামে এক পল্লী বিদ্যুৎ বিভাগের ড্রাইভারের মৃত্যু হয়েছে। শনিবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এলাকায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রতন পাবনা সদর উপজেলার চকপৈলানপুর (নয়নামিত) গ্রামের মো. কালু’র ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল অফিসে কর্মরত ছিলেন।    

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চাঁদপুর-লাকসাম রেললাইনের এনায়েতপুর নামক স্থানে রতন কানে ইয়ারফোন লাগিয়ে মুঠোফোনে গান শুনতে শুনতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা লাকসামগামী ডেমু ট্রেনের লাগাদার হুইসেল ও আশপাশে থাকা মানুষে চিৎকার শুনতে পাননি। ট্রেন ও তার দূরত্ব বেশি না থাকায় ট্রেন থামানোও সুযোগ ছিল না। চলতি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রতনের।

চাঁদপুর পল্লী বিদ্যুতের এজিএম (প্রশাসন) জহুরুল ইসলাম বলেন, শনিবার এনায়েতপুর এলাকার রেললাইন সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুৎ লাইনের কাজ চলছিল। বিদ্যুতের কাজের মালামাল নিয়ে সকালে ড্রাইভার রতন ওই এলাকায় যান। রতন কাজের স্থান থেকে ৩০-৪০ গজ দূরে রেললাইন ধরে গান শুনতে শুনতে হাঁটছিল। এতে ট্রেনের হুইসেল না শুনতে পেয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানা ওসি মো. আলমগীর হোসেন রনি দেশ রূপান্তরকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। একই সাথে চাঁদপুর রেলওয়ে থানার পুলিশও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পরে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত