ভারতের সল্টলেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম দ্য কুইন্ট জানিয়েছে, শনিবার সকালে ভারতী বিদ্যাভবন আইল্যান্ডে তিন দুর্বৃত্ত এই কাজ করে। ধরা পড়া একজন নিজেকে বিজেপির সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, সকাল সাড়ে ৬টার দিকে তিনজন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ইট দিয়ে ভাঙতে শুরু করেন। স্থানীয় কয়েক জন দেখতে পেয়ে ধাওয়া দেন। দুজন পালিয়ে যান ।
ধরা পড়া ব্যক্তির নাম সুজয় মণ্ডল। তাকে পুলিশ নিয়ে গেছে।
সুজয়ের বাড়ি স্থানীয় দত্তাবাদে। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নির্মল দত্ত বলেন, ‘তিনজন ব্যক্তি একই কাজ করছিল। একজনকে ধরা হলেও দুজন পালিয়ে গেছে। তারা কেন মূর্তি ভেঙেছে সেটি জানি না। ধরা পড়া ব্যক্তিকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।’
পুলিশ বলছে, কলকাতার বিভিন্ন স্থানে মনীষীদের মূর্তি ভাঙার প্রবণতা শুরু হয়েছে বছরখানেক আগে। অধিকাংশ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এই ঘটনার পেছনে তেমন কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
