চাঁদপুরের বাবুরহাট বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি পণ্যের গুদাম। শনিবার দুপুর আড়াইটায় মধ্যবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাবুরহাট বাজারে অবস্থিত গ্রামীণ ফোনের টাওয়ারের জেনারেটর বিস্ফোরণে মাধ্যমে আগুনের সূত্রপাত হয় জানায় স্থানীয় ব্যবসায়ীরা। পরবর্তীতে আশপাশে থাকা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে খাবার হোটেল, মুদি দোকান, স্বর্ণের দোকার, ওষুধের দোকান মিলে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কিছু পণ্যের গুদাম পুড়ে যায়।
খবর পেয়ে চাঁদপুর নতুনবাজার ও পুরানবাজারে দুটি ফায়ার স্টেশনের ৫টি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের অন্য ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ব্যাংক রক্ষা পায়।
এ ব্যাপারে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির দুলাল মাল বলেন, জেনারেটর বিস্ফোরণে আগুন আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এতে করে ১৫টি দোকানসহ কয়েকটি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের আন্তত দেড় থেকে দুই কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে জানান তিনি।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল এসে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ কেটে দেওয়া হয়। এতে করে আগুন ছড়িয়ে না যাওয়ায় বাজারের অন্যান্য দোকানগুলো রক্ষা কার সম্ভব হয়েছে। আগুনে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফদির আহমেদ বলেন, প্রাথমিক পর্যায়ে আগুনের সূত্রপাত কি কারণে হয়েছে তা নির্ণয় করা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ সম্পর্কে বোঝা যাবে। এই ঘটনায় ব্যবসায়ীদের কি ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে তা লিপিবদ্ধ করা হচ্ছে বলে জানান তিনি।
