ডাকসু নির্বাচনে পুলিশ মোতায়েন, চলবে তল্লাশি, বহিরাগত প্রবেশ নিষেধ

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১০:১০ পিএম

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তার জন্য সন্ধ্যা থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একে এম গোলাম রব্বানী। তবে কত পুলিশ সদস্য মোতায়েন হয়েছে তা তিনি জানাননি।

তিনি দেশ রূপান্তরকে বলেন, সন্ধ্যা ৬টা থেকে ক্যাম্পাসে পুলিশ নামে।  

এর আগে ক্যাম্পাসের সাত স্পটে তল্লাশি করবে বলে জানায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার বেলা ১১টায় শাহবাগ থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সাত স্পট হলো- শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রমনা ভবন ক্রসিং, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ক্রসিং।

এসব স্পটে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ও অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলে তিনি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ তল্লাশির বাইরে থাকবে। তবে মেডিকেলগামী লোকজনদের বকশিবাজার, চানখারপুল হয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশের মানুষের উৎসাহ আগ্রহ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলীয় পরিচয় যাই হোক না কেন কেউ অনিয়মের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রক্টরিয়াল টিমকে সহযোগিতা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত