বরিশাল, চাঁদপুরে ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১০:৪৮ পিএম

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বরিশালে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁদপুরে নির্বাচিত হয়েছেন পাঁচজন।  গত শুক্রবার দুপুরে প্রতীক বরাদ্দ শেষে বরিশালের নয় উপজেলার মধ্যে ছয় উপজেলায় চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। একইভাবে ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদেও তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা হচ্ছেন গৌরনদী উপজেলার সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়ায় আবদুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়া উপজেলায় গোলাম ফারুক, বাকেরগঞ্জ উপজেলায় সামছুল আলম চুন্নু, মুলাদী উপজেলায় তরিকুল হাসান মিঠু খান এবং বরিশাল সদর উপজেলায় সাইদুর রহমান রিন্টু। তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গৌরনদী, আগৈলঝাড়া এবং উজিরপুরের তিন প্রার্থী। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে গৌরনদী, আগৈলঝাড়া এবং বাবুগঞ্জ উপজেলায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, চাঁদপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী উপজেলা চেয়ারম্যানরা হলেন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এইচ গিয়াসউদ্দিন ও হাজীগঞ্জ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন। এ ছাড়া হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ ভাইস চেয়ারম্যান পদে এবং মতলব দক্ষিণ উপজেলায় ফেরদৌসি বেগম রুনু ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমান ও জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত