নারীদের বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০২:৪৬ এএম

শ্রমজীবী ও ভূমিহীন নারীদের অধিকার আদায়, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নারীদের বেতনবৈষম্য দূর করার দাবিতে বরিশালে মানববন্ধন ও মিছিল হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষাণী সভার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শ্রমজীবী ও ভূমিহীন নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। কর্মক্ষেত্রে মর্যাদা পান না। এমনকি পুরুষের তুলনায় নারীদের বেতন অনেক ক্ষেত্রে অর্ধেকেরও কম দেওয়া হয়। মানববন্ধন থেকে দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বরিশাল জেলা কৃষাণী সভার সভাপতি রেহানা আক্তার মিতুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা কৃষক ফেডারেশনের সভাপতি হারুন ভান্ডারী, সাধারণ সম্পাদক আবদুল হালিম মুহুরী, জেলা কৃষাণী সভার সাধারণ সম্পাদক রেনু বেগম, ইউসুব আকন, হিরা বেগম, শাহানাজ পারভীন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত