নিয়ন্ত্রণ হারিয়ে বাস নির্মাণাধীন বাড়িতে, নিহত ২

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০১:২১ পিএম

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চন্দেরবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস ঢুকে গেছে নির্মাণাধীন বাড়ির ভেতর। এতে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক।

নিহত শ্রমিকেরা হলেন- রহমান শেখ (৬৫) ও পরশ আলী দেওয়ান (৬০)। তাদের বাড়ি লৌহজং উপজেলার হলদিয়া গ্রামে।

লৌহজং থানার এসআই মো. বায়েজীদ জানান, বিআরটিসি পরিবহনের একটি বাস লৌহজং উপজেলার মাওয়া থেকে যাত্রীবোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি উপজেলার চন্দেরবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন বাড়ির ভেতর ঢুকে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রহমান শেখ নামে এক নির্মাণ শ্রমিক মারা যান।

আহত অবস্থায় দুই নির্মাণ শ্রমিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরশ আলী দেওয়ান নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাজী মাহমুদা।

অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত