ঢাকা জেলা জজ আদালতে লিফট ছিঁড়ে আইনজীবীসহ আহতদের প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া।
রিটকারী আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘ওই দুর্ঘটনায় আইনজীবীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে শামসুন্নাহার নামে এক নারী আইনজীবী পঙ্গু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জনস্বার্থে এবং মানবিক দিক বিবেচনা করে এ রিট আবেদনটি করেছি।’
তিনি বলেন, ‘রিট আবেদনে আহতদের প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া ১৫ দিনের মধ্যে আদালতের সকল পুরোনো লিফট পরিবর্তন করে নতুন লিফট পুনঃস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।’
তিনি জানান, কার্যতালিকায় আসলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পুরাতন ভবনের পাঁচতলা থেকে একটি লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। এ ঘটনায় আইনজীবীসহ ১৪ জন আহত হন। ৩৯ বছরের পুরোনো এই লিফটটি রশিদ এন্টারপ্রাইজের নামের একটি প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করত।
