৩০ দিনে ১৫৭টি প্রকল্পের উদ্বোধন মোদির

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১০:১৬ পিএম

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৩০ দিনে ১৫৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। এই সময়ের মধ্যে ভারতের বিভিন্ন স্থানে মোট ২৮ বার সফর করেছেন তিনি। ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে মার্চের ৯ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী মোদি হাইওয়ে, রেললাইন, মেডিকেল কলেজ, হাসপাতাল, স্কুল, গ্যাস পাইপলাইন, বিমানবন্দর, পানি সংযোগ, নর্দমা সংস্কার এবং বিদ্যুৎকেন্দ্রের মতো অনেক প্রকল্পের উদ্বোধন করেন। অথচ জানুয়ারির ৮ থেকে ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যে মোদি মাত্র ৫৭টি প্রকল্পের উদ্বোধন করেন।

২০১৪ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা ত্যাগের আগের ৩ মাসে ড. মনমোহন সিং কোনো সফরই করেননি। কিন্তু মোদি শুধু সফরই করেননি, কিছু ক্ষেত্রে একই প্রকল্প দ্বিতীয়বার উদ্বোধন করেন। সম্প্রতি উত্তর প্রদেশের আমেথিতে কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল উৎপাদনের প্ল্যান্ট উদ্বোধন করেন তিনি। কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যায়, ওই প্রকল্পটি মূলত ২০০৭ সালেই উদ্বোধন করা হয়েছিল এবং ২০১০ সাল থেকে ওই প্ল্যান্ট থেকে নিয়মিত অস্ত্র তৈরি হচ্ছে।

নির্বাচনের আগে এমন প্রকল্প উদ্বোধনের হিড়িককে বিশ্লেষকরা মোদির দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার প্রক্রিয়া বলে মনে করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত