ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার (ডাস) দোকান থেকে উদ্ধার শতাধিক স্ট্যাম্প ও ব্যাট ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশে রাখা হয়েছে বলে জানিয়েছেন দোকানের কর্মচারী।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) আগের দিন রোববার সন্ধ্যা ৮টার দিকে এসব ব্যাট ও স্ট্যাম্প উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
এরপর ডাসের কর্মচারী পারভেজ সাংবাদিকদের বলেন, ‘কিছু শিক্ষার্থী এসে বলে যে, গোলাম রাব্বানী (ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস প্রার্থী) ভাই এগুলো ভেতরে রাখতে বলেছেন। তাই আমরা রাখি। কিন্তু এতে কী আছে তা আমরা জানতাম না।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার পর ডাসের দোকানে অভিযান চালায় প্রক্টরিয়াল টিম। এর মধ্যে চারজন সদস্য দোকানের ভেতরে ঢোকেন। তারা ক্রিকেট খেলার শতাধিক স্টাম্প ও ব্যাট উদ্ধার করেন। পরে সেগুলো নিয়ে প্রক্টর অফিসের দিকে যান।
প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্য জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাত ৮টার দিকে দোকানে অভিযান চালাই আমরা। অভিযান শেষে শতাধিক স্টাম্প ও ব্যাট পাই।
এদিকে, ডাকসুর আচরণবিধির ১৪ নম্বর ধারায় আছে নির্বাচনী প্রচারণা ও নির্বাচন চলাকালে বিস্ফোরক, দেশীয় অস্ত্র (লাঠিসোঁটা, রড, হকিস্টিক, ছুরি-কাঁচি) ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ দেশি অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ডাস থেকে প্রক্টরিয়াল টিম কিছু স্ট্যাম্প ও খেলার ব্যাট উদ্ধার করেছে। আমরা খোঁজ নিয়ে দেখছি। ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা শক্তহাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
