শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ শিক্ষামন্ত্রীর

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:৫৩ এএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যথাযথভাবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ মেনে নিয়ে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, ‘আমাদের শিক্ষা খাতে যেসব পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছি।’

রোববার চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেন, ‘শিক্ষার কোন শেষ নেই। আমরা এখন শিক্ষাক্ষেত্রে যখন মানোন্নয়নের কথা বলছি। এটা করতে হলে আমাদের যে কারিকুলাম আছে, সেটার পাশাপাশি শিক্ষার্থীদের মনের মধ্যে মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম, সততা, কর্তব্যবোধ, নিষ্ঠা, আন্তরিকতা- এসব মূল্যবোধগুলো প্রোথিত করে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মানবিকতা, নৈতিকতা, মূল্যবোধ শিক্ষা দিতে হবে।’

যার স্বপ্ন যত বড়, সে তত বড় হতে পারবে জানিয়ে সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সোনার মানুষ লাগবে। সেই সোনার মানুষ হিসেবে তোমরা নিজেদের গড়ে তুলবে। জাতি তোমাদের কাছ থেকে যে কর্তব্যবোধ আশা করে, সেটিকে মাথায় রেখে নিজেদের গড়ে তুলবে। মাদক, সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ থেকে নিজেদের দূরে রাখবে। একজন মানুষের লক্ষ্য অর্জনে শৃঙ্খলা খুব জরুরি।’

চট্টগ্রাম নগরের নাসিরাবাদের ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও কালেরকণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।

সমাবর্তনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, উপাচার্য ড. মুহাম্মদ  সিকান্দার খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত