লন্ডনে ২ দিনের সম্মেলনে বৃত্তিসহ অংশগ্রহণের সুযোগ তরুণ সাংবাদিকদের

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৫:১৬ পিএম

বিশ্ব সেরা সাংবাদিকদের কাছ থেকে বাংলাদেশের তরুণ ব্লগার, আলোকচিত্রী, প্রতিবেদক ও সাংবাদিকদের কাজ শেখার সুযোগ করে দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। এতে আগামী জুলাইয়ে লন্ডনে থমসন রয়টার্সের অনুষ্ঠিত হতে যাওয়া দুই দিনব্যাপী সম্মেলনে পূর্ণ বৃত্তিসহ অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যাবে। 

বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ব্রিটিশ কাউন্সিল ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড ২০১৯’ নামে এই সম্মেলনের আয়োজন। ইতিমধ্যেই তরুণ সাংবাদিকদের জন্য সম্মানজনক এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আবেদন পত্র গ্রহণ শুরু হয়েছে।

এর মাধ্যমে সারা বিশ্বের মেধাবী তরুণ ব্লগার, আলোকচিত্রী ও প্রতিবেদকরা আগামী জুলাইয়ে লন্ডনে থমসন রয়টার্সের অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী এই সম্মেলনে পূর্ণ বৃত্তিসহ অংশগ্রহণের সুযোগ পবেন। 

সিএনএন, রয়টার্স, গুগল নিউজ ইনিশিয়েটিভ, ফেসবুক এবং ইউকে স্কুল অব জার্নালিজমের মতো বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়া প্রতিষ্ঠানের সহযোগিতায় এই আয়োজনটি নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে ও বৈশ্বিক যোগাযোগ তৈরির ক্ষেত্রে ‘ওয়ান্স-ইন-আ লাইফটাইম’ সুযোগের মতো।

নতুন নিউজমেকার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড ২০১৯’ সম্মেলনটি সুবিন্যস্তভাবে সাজানো। গত বছরের এ সম্মেলনে অংশগ্রহণের জন্য ২৫শ’র বেশি আবেদন জমা পড়ে। এ বছর এ প্রক্রিয়া আরও প্রতিযোগিতামূলক হবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের এ সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন বিশ্বের স্বনামধন্য ও অভিজ্ঞ আন্তর্জাতিক সম্পাদক, ব্রডকাস্টার ও প্রতিবেদকগণ। সম্মেলনে তারা তাদের কাজের অভিজ্ঞতা ও সাংবাদিকতার বিভিন্ন প্রেক্ষিত নিয়ে আলোচনা করেন। বক্তাদের মধ্যে ছিলেন বিবিসি’র সংবাদ উপস্থাপক এবং সাবেক বিবিসি’র চীন বিষয়ক সম্পাদক ক্যারি গ্রেসি, রয়টার্স গ্লোবাল নিউজ এডিটর আলেসান্দ্রা গ্যালোনি এবং হ্যাশট্যাগ আওয়ার স্টোরিজের ইউসুফ ওমর। 

আগামী ১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ২৫ বছর হবে তারা এ সম্মেলনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এ বয়সসীমার মধ্যে সদ্য স্নাতক শেষ করা কিংবা স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্যও সুযোগ থাকছে আবেদনের। আবেদনকারীদের অবশ্যই স্বাচ্ছন্দ্যে ইংরেজি বলতে পারতে হবে এবং সাংবাদিকতা পেশার ব্যাপারে তাদের উদ্যম ও আগ্রহের বিষয় যথাযথভাবে উপস্থাপন করতে হবে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ২১ মার্চের মধ্যে এই ওয়েবসাইটে- www.britishcouncil.org/future-news-worldwide গিয়ে আবেদন করতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত