‘সিইসি হুদার আত্মা ধারণ করেছেন ভিসি আখতারুজ্জামান’

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৬:০২ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেও মধ্যরাতে ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার অতৃপ্ত আত্মাকে ডাকসু নির্বাচনে নিজের দেহে ধারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

ডাকসুর নির্বাচনের ফল ঘোষণার পর মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের ‘মিডনাইট ভোটের’ প্রেসক্রিপশন অনুযায়ী ঢাবি ভিসি ডাকসু নির্বাচন করেছেন এমন অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, গতকাল ডাকসুর ইতিহাসের নজিরবিহীন ঘটনা ঘটাল। সরকার যেহেতু বিরোধীদের এক ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ, তাই আজ্ঞাবাহী ঢাবি ভিসি ডাকসু নির্বাচন করলেন প্রহসন ও সন্ত্রাসী বার্তা বরণে।

ডাকসু নির্বাচনে ফলে ‘অস্বাভাবিক ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, এমন মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ডাকসু নির্বাচনের ফল ‘অস্বাভাবিক’। এতে অনেক অসামঞ্জস্য রয়েছে। ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হয়, তাতে দেখা যায় ভিপি থেকে সদস্য পর্যন্ত একটা ফিক্সড প্যানেল ভোট থাকে। এই প্যানেল ভোটটা সবাই পায়। কিন্তু ১১ মার্চের ডাকসু ভোটের ফলে দেখা যাচ্ছে যে, ছাত্রলীগের যিনি ভিপি-জিএস এবং কোটা সংস্কার আন্দোলনের যিনি ভিপি-জিএস এর মধ্যে প্যানেল ভোটের অনেক পার্থক্য।

কবি আল মাহমুদের কবিতার লাইন উদ্ধৃত করে বিএনপির এ নেতা বলেন,- ‘জানতে সাধ জাগে- ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম?’ তিনি কেন এ কবিতা লিখেছিলেন আমি জানি না। তিনি বলেন, এই বরেণ্য কবির ওই কবিতার লাইনটি প্রমাণ করল গতকাল ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট ডাকাতির প্রতিবাদ হয়েছে এমন মন্তব্য করে রিজভী বলেন, এই প্রতিবাদের অংশ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা ও বাম ছাত্র সংগঠনগুলো প্রমাণ করেছে তারা আলোর পথের যাত্রী।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. সাহিদা রফিক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, শামসুজ্জামান সুরুজ, কাজী রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত