ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের বাসিন্দা গোপি মাহতো (১৫) প্রতিবেশী দেশ ভারতে পাঁচ বছর জেল খাটার পর নিজ পরিবারের কাছে ফিরে এসেছে। পুলিশ, প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার ঐকান্তিক প্রচেষ্টায় সে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পেরেছে।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, গোবিন্দ মাহতোর ছেলে তার মায়ের সঙ্গে গোপি মাহতো ২০১৪ সালে ভারতে যায়। পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে পশ্চিম বঙ্গের পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তারপর থেকে দীর্ঘ ৫ বছর ভারতে জেলের ঘানি টানতে হয় তাকে।
দীর্ঘদিন পর দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের বাসিন্দা কেরানীগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার ও বোয়ালমারী থানা ইনচার্জ শামীম হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থা জাস্টিস কেয়ার এর সহযোগিতায় ও বেনাপোল থানা এবং সাতক্ষীরা থানার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ শামীম হাসান বলেন, গোপি মাহতোকে সোমবার রাত ১০টার দিকে তার বাবা মার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
