নরসিংদীতে হামলার শিকার অধ্যক্ষের পদত্যাগ দাবি

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১২:০৪ এএম

সম্প্রতি ছাত্রলীগের হামলার শিকার নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুল ইসলামের পদত্যাগের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির ১৮টি অভিযোগ করেন পরিষদের সদস্যরা। সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. জুবাইর হিমেল বলেন, ‘বর্তমান অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষকদের মধ্যে গ্রুপিং, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহারসহ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। কলেজে নিয়মিত ক্লাস না হওয়ায় পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। তিনি (অধ্যক্ষ) অবিলম্বে পদত্যাগ না করলে বুধবার (আজ) থেকে তিন দিন ক্লাস বর্জনসহ কলেজের শহীদ মিনারে প্রতীকী অনশন ও অবস্থান ধর্মঘট করা হবে। তিন দিনেও দাবি পূরণ না হলে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ সংবাদ সম্মেলনে সম্প্রতি অধ্যক্ষের ওপর ময়লা হামলার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিও জানানো হয়। অভিযোগ রয়েছে, সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদের নেপথ্যে রয়েছে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত