বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষিত বেকারের হার ভীতিকর ভাবে বাড়ছে। বাংলাদেশের অবস্থাও ভিন্ন নয়। তবে এ অবস্থা মোকাবেলার জন্য উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গখোনভানিত।
বুধবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা পর্নচাই এসব কথা বলেন।
গ্র্যাজুয়েটদের উদ্দেশ করে তিনি বলেন, পৃথিবীতে বেকারত্ব সমস্যা দিনদিন প্রকট হচ্ছে। তুমি যত উচ্চ শিক্ষিত হবে, তোমার বেকার হওয়ার সম্ভাবনা তত বেশি। উচ্চশিক্ষিতরাই বেশি বেকার হয়ে যাচ্ছে। প্রতিযোগিতামূলক এই পৃথিবী মোকাবেলা করতে প্রধান অস্ত্র হবে জ্ঞান, প্রযুক্তিগত উদ্ভাবনী, তীক্ষ্ণতা এবং একটি স্মার্ট কর্মপরিকল্পনা।
তিনি বলেন, “তোমাদের উদ্যোক্তা হতে হবে। যদি উদ্যোক্তা হও তাহলে অনেক বেকারের কর্মস্থান করতে পারবে। সমাজের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করেই তোমাদের নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে।”
সমাবর্তন বক্তা বলেন, তোমরা নিশ্চয় কর্মজীবনে প্রতিষ্ঠিত হবে, জীবনে সাফল্যের উচ্চাসনে প্রতিষ্ঠিত হবে, কিন্তু কখনোই তোমার দেশ, জাতি, পরিবার, প্রতিষ্ঠান এবং মানবজাতির প্রতি দায়বদ্ধতার কথা ভুলে যেও না।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোট ৫ হাজার ৬৩১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ১৫৬ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।
এছাড়াও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষামন্ত্রী ১৭ জন শিক্ষার্থীদের হাতে স্বর্ণ পদক তুলে দেন। এর মধ্যে চ্যান্সেলর স্বর্ণ পদক ছয়জন, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ পদক চারজন এবং সাতজনকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণ পদক দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য ইউসুফ মাহাবুবুল ইসলাম প্রমুখ।
