বহিষ্কারের চিঠি সুলতান মনসুরের বাসায় পৌঁছে দেওয়া হলো

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৯:০১ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় সুলতান মোহাম্মাদ মনসুরকে দল থেকে বহিষ্কার করেছে গণফোরাম। সুলতান মনসুরের বেইলি রোডের বাসভবনে গণফোরাম থেকে বহিষ্কারের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, সুলতান মনসুরের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীকে চিঠি দেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে কৌশলগত কারণে।

এদিকে গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক দেশ রূপান্তরকে বলেন, ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরামের হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে বিজয়ী সুলতান মনসুর।

সুব্রত চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, দল থেকে বহিষ্কারের পর সাংসদ হিসেবে শপথ নেওয়া সুলতান মনসুরের সংসদ সদস্য পদ থাকার কথা না। এ অবস্থায় সুলতানের সদস্যপদ বাতিলের যৌক্তিক কারণ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীকে চিঠি দেওয়ার কথা বলা হলেও কৌশলগত কারণে তা দেয়া হয়নি। শিগগিরই চিঠি দেওয়া হবে বলেও জানান সুব্রত চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত