গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রীদের চলাচলের সুবিধার্থে রাজধানীর ধানমন্ডি, উত্তরা, মতিঝিলে পৃথকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
বুধবার সন্ধ্যায় ডিএসসিসির নগর ভবনের সভাকক্ষে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাস রুট র্যাশনালাইজেশন বিষয়ে গঠিত কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মেয়র বলেন, ‘চক্রাকার বাস সার্ভিস প্রক্রিয়াটি আমরা জুন মাসের মধ্যে শেষ করে আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সেবাটি চালু করতে পারব। সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় আমরা এ সেবাটি চালু করতে পারব।’
এর আগে ডিএসসিসির সভাকক্ষে সাঈদ খোকনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আব্দুর রহমান, পরিবহন মালিক সমিতির নেতা এনায়েতুল্লাহ খানসহ ডিএমপি, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএ, রাজউক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।
