রোনালদোর যাদুকরী পারফরম্যান্সের প্রশংসায় মেসি

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১২:১০ পিএম

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ইউভেন্তুস তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর অবিশ্বাস্য পারফরম্যান্সের উচ্ছ্বসিত করেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি।

নিজেদের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে রোনালদোর হ্যাটট্রিকে আতলেতিকোকে ৩-০ গোলে হারায় ইউভেন্তুস। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে প্রতিযোগিতাটির শেষ আটে ওঠে সেরি আ চ্যাম্পিয়নরা। অথচ প্রথম লেগে আতেলেতিকোর মাঠে ২-০ গোলে হেরে বড় অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল তারা।

দলকে কোয়ার্টার-ফাইনালে তোলার পুরো কৃতিত্বই রোনালদোর। ব্যক্তিগত পর্যায়ে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর এমন পারফরম্যান্সে মুগ্ধ মেসি, “মঙ্গলবার ক্রিস্তিয়ানো ও ইউভেন্তুস অসাধারণ কিছু করেছে। এটা অনেক বিস্মিত হওয়ার মতো একটা ব্যাপার ছিল। আমি মনে করেছিলাম, আতলেতিকো অনেক শক্তিশালী হবে। তবে ইউভেন্তুস সবটুকু দিয়ে খেলেছে। ক্রিস্তিয়ানোর জন্য এটা ছিল একটা যাদুকরী রাত।”

এদিকে বুধবার নিজেদের শেষ ষোলোর ফিরতি লেগে মেসির নৈপুণ্যে ফরাসি ক্লাব লিওঁকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা। দলের এই জয়ে নিজে জোড়া গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রাখেন মেসি।

প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের ড্রয়ে বার্সেলোনা-ইউভেন্তুস প্রতিপক্ষ হলে দেখা হয়ে যেতে পারে সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার রোনালদো-মেসির।

কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পছন্দ এমন প্রশ্নের জবাবে বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেন, “আমরা কোনো একটি দলকে পছন্দ করতে চাই না। কারণ সবগুলো দলই অনেক শক্তিশালী। ম্যানচেস্টার সিটি, ইউভেন্তুস, আয়াক্স সবগুলো দলেরই অসাধারণ সব খেলোয়াড় আছে। তারা কিছুতেই ভীত নয়। লিভারপুল এরই মধ্যে তাদের শক্তি দেখিয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত