‘বম্ব সাইক্লোনে’ যুক্তরাষ্ট্রে ১৩০০ ফ্লাইট বাতিল

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৬:১৯ পিএম

শীতের শেষ দিকে এসে মারাত্মক তুষারঝড় আর ঝোড়ো বাতাসের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রবল বাতাসের কারণে ‘বম্ব সাইক্লোন’ শুরু হওয়ায় প্রায় ১৩০০ ফ্লাইট বাতিল করেছে দেশটির বিমান পরিবহন সংস্থা।

কলোরাডো গভর্নর জ্যারেড পলিস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় বায়োমেট্রিক চাপ ২৪ মিলিবার নেমে গেলে শীতকালীন এই হারিকেনের সৃষ্টি হয়।

ডেনভার পুলিশ টুইটারে দেশবাসীকে সতর্ক করে বলেছে, ‘এখনো পর্যন্ত ১২৫টি ট্রাফিক দুর্ঘটনার খবর পাচ্ছি। ডেনভারে অ্যাক্সিডেন্ট অ্যালার্ট জারি হয়েছে। যদি সত্যিই বাইরে বেরোতে বাধ্য হন, তাহলে সাবধানে চলুন। এখনো তুষারপাত হচ্ছে। লাইট জ্বেলে রাখুন।’

ঝড়ের কারণে ডেনভার বিমানবন্দরের ৬টি রানওয়েই বন্ধ রাখা হয়েছে। স্কুল-কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় এক লাখ ৩০ হাজার বাড়িতে নেই বিদ্যুৎ।

ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবারের আগে পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত