সিলেট ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে শিবির

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৯:১৮ পিএম

সিলেট মদনমোহন কলেজে ছাত্রলীগ নেতা রকি দেবকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে শিবির ক্যাডাররা। রকিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

মদনমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি জানান, ছাত্র শিবিরের নেতা কর্মীরা কলেজ ক্যাম্পাসে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চালায়। এ সময় কলেজ ছাত্রলীগের নেতা ও সিলেট মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি দেবের নেতৃত্বে ছাত্রলীগ নেতা কর্মীরা ছাত্র শিবিরকে প্রতিহত করে। 

এর জেরে বেলা ২টার দিকে ছাত্র শিবির নেতা কর্মীরা রাম দাসহ দেশীয় অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে টিচার্স কমনরুমের সামনে রকি দেবের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর আহত করে তারা দ্রুত ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

ঘটনার খবর পেয়ে ছাত্রলীগ নেতা কর্মীরা মারমুখী হয়ে উঠলে ক্যাম্পাসে আতঙ্ক-উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, ধারালো অস্ত্রের আঘাতে রকির মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে।

হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে বলে জানান ওসি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত