আন্দোলনকারীদের দাবি মেনে নিতে হুমকি বিএনপি নেতার

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১০:১২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুর্ননির্বাচনের দাবিতে  অনশনরত প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রশাসনকে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সাবেক ছাত্রদলের এই সভাপতি বলেন, নির্বাচন বাতিল না করা হলে প্রয়োজনে ডাকসুর সাবেক নেতারা মাঠে নামবেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ছাত্র-ছাত্রীরা যে দাবি করেছে তা মেনে নিন। আর মেনে নেবেন না কেন? শুধু সরকারবিরোধী ছাত্র সংগঠনগুলোই বলেনি, সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও অভিযোগ করেছেন নির্বাচন সুষ্ঠু হয়নি। এ ছাড়া এমন কোনো সংগঠন নাই যারা এ নির্বাচন বাতিলের কথা বলেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি বিতর্কিত নির্বাচন বাতিল না করেন, প্রয়োজনে ডাকসুর সাবেক ভিপি, জিএসসহ সাবেক ছাত্রনেতারা মাঠে নামবেন। প্রয়োজনে লংমার্চ করবেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বিভিন্ন হলে বস্তা বস্তা ব্যালট নিয়ে গণমাধ্যমকে দেখাল। ডাকসুর এই নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে সত্য বলতে আর কিছু নেই। আমরা একসময় ছাত্র ছিলাম, ডাকসু নির্বাচন করেছি। সেই নির্বাচন দেশবাসী বিশ্ববাসী দেখেছে।

দেশবাসীকে লড়াই-সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, লড়াই ও রক্ত ছাড়া বাংলাদেশের স্বাধীনতা আসে নাই। পাকিস্তানের আদালত শেখ মুজিবকে মুক্তি দেয়নি। শেখ মুজিবকে জেল থেকে মুক্ত করেছে বাংলাদেশের মানুষ লড়াই ও রক্তের মাধ্যমে। একইভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে লড়াই ও রক্ত দিয়েই।

শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, বর্তমান সরকার নির্বাচনী কোনো ব্যবস্থায় ক্ষমতায় আসেনি। শেখ হাসিনা ২০১৪ সালে গোঁয়ার্তুমির মাধ্যমে ক্ষমতায় এনেছিলেন। ২০১৮ সালের নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছিলেন। তিনি কথা দিয়েছিলেন আর কোনো মামলা-হামলা-গ্রেপ্তার হবে না। কিন্তু তিনি তার সেই কথা রাখেননি।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিজে স্বীকার করেছেন যে , ইভিএম থাকলে ভোট ডাকাতি হতো না। ইভিএম নাই তাই এখন রাতে ভোট ডাকাতি হয় এবং ভিসির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আলিম হোসেন, কে এম রকিবুল ইসলাম রিপন, আব্দুর রাজি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত