জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত ২০, আটক ২

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১১:০৮ পিএম

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কড়ইবাড়িয়ার সেলিম মোল্লা গংয়ের সঙ্গে একই এলাকার হাবিব তালুকদার ও শহিদুল ইসলাম গংয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি শহিদুল ইসলাম বিষয়টি নিয়ে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে তদন্তে আসেন তালতলী থানার এএসআই জাকির হোসেন। এ সময় তিনি দুই পক্ষকে ডেকে তাদের প্রত্যেকের বৈধ কাগজপত্র নিয়ে বিকেলে থানায় যেতে বলেন। পুলিশ চলে যাওয়ার পর কড়ইবাড়িয়া বাজারে অবস্থানরত হাবিব তালুকদার ও শহিদুল ইসলামের লোকদের ওপর অতর্কিতে হামলা চালায় সেলিম মোল্লার লোকজন। এ সময় তারাও পাল্টা হামলা চালালে উভয় পক্ষের নারী, শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শাহ আলী ও মালেক নামের দুজনকে আটক করে পুলিশ।

গুরুতর আহতদের বরগুনা, পটুয়াখালী এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

একপক্ষের প্রধান শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমাদের বৈধ সম্পত্তি দখলে নেওয়ার জন্য আইনের সহায়তা চেয়েছি। আইনের কাছে হেরে যাওয়ার ভয়ে সেলিম মোল্লাসহ তার সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করেছে।’

অভিযোগ অস্বীকার করে সেলিম মোল্লা বলেন, ‘আমরা প্রথমে হামলা করিনি। আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা শুধু প্রতিহত করেছি।’ এ বিষয়ে তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ঘটনাটি জানার সঙ্গেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত