জর্জ বেস্ট ও অ্যালকোহলিজম

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০১:৩৭ এএম

জর্জ বেস্ট একবার নিজ মুখে বলেছিলেন, ‘পেলে আমাকে বিশ্বের সেরা ফুটবলার বলেছে। সেটাই আমার জীবনের সর্বোত্তম সম্মান।’ ছিলেন আইরিশ। খেলতেন উইঙ্গার হিসেবে। ফুটবল জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। কখনো বিশ্বকাপ খেলেননি। অনেকেই বলেন, বিশ্বকাপ না খেলা ফুটবলারদের মধ্যে আলফ্রেডো ডি স্টেফানো আর বেস্টই সেরা। নিজের অতুল প্রতিভা শেষ করেছেন মদের নেশায়। একবার মজা করে বলেছিলেন, ‘আমার উপার্জনের ৮০ ভাগ আমি ব্যয় করেছি মদ আর মেয়েদের জন্য, বাকিটা অপচয়।’ নিজের মৃত্যু কীভাবে হলে খুশি হবেন এমন প্রশ্নের উত্তরে বেস্ট বলেছিলেন, ‘আমি স্পেনের সমুদ্র উপকূলে যাব। রেড ওয়াইনে চুমুক দেব... তারপর যা হওয়ার হবে।’ বেস্টের মৃত্যু হয়েছিল ২০০৫ সালের নভেম্বর। সেই বছরের ৩ অক্টোবর লন্ডনের সার্বিটনে এক পাবে বসে মদ খাচ্ছিলেন। নেশার চোটে অসুস্থ হয়ে পড়েন। ক্রমওয়েল হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছিল তাকে। লিভার কাজ করছিল না। কিডনিতেও ইনফেকশন ছিল। ২৭ অক্টোবর ব্রিটেনের সংবাদপত্রে ছাপা হয়েছিল, ‘জর্জ মরণাপন্ন।’ ববি চার্লটন, ডেনিস ল ও রডনি মার্শরা তাকে দেখতে গিয়েছিলেন। ২০ নভেম্বর ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডে বেস্টের একটা ছবি ছাপা হয়। সেখানে তিনি নেশার ভয়ংকর দিক সম্পর্কে বার্তা দিয়েছিলেন, ‘আমার মতো করুণভাবে মৃত্যুবরণ করো না।’ এরপর ২৫ নভেম্বর মৃত্যু হয় এই গ্রহের অন্যতম সেরা ফুটবলারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত