নাগরিকদের স্বাস্থ্য ও জীবনমান সুরক্ষায় নিরাপদ খাদ্য সরবরাহে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। বোতল ও জারের অনিরাপদ পানি নিয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রুলে নাগরিকের জন্য নিরাপদ খাদ্য সরবারাহ নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং নিরাপদ খাদ্য সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। খাদ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শকসহ ১২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাম্মী আক্তারের করা ওই আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জে আর খান রবীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
রবিন বলেন, ‘মাছ, মাংসসহ জনগণের খাদ্য পরীক্ষা-নিরীক্ষা করে ও নিরাপদ খাদ্য সরবরাহে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আগামী ৫ মে প্রতিবেদন আকারে জানাতে নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’
