বাতিল ক্রাইস্টচার্চ টেস্ট, ফিরে আসছে বাংলাদেশ দল

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১০:২৮ এএম

হ্যাগলি ওভালের এক মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনায় বাংলাদেশ ও নিউ জিল্যান্ড মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছু না জানালেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এরই মধ্যে টুইট করে বিষয়টি জানিয়ে দিয়েছে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় টেস্টটি মাঠে গড়ানোর কথা ছিল।

শুক্রবার হ্যাগলি ওভালের কাছে আল-নুর নামের এক মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলে বন্দুকধারীদের হামলার শিকার হয় বাংলাদেশ দল। এতে হতাহতের ঘটনা ঘটলেও মাহমুদউল্লাহরা নিরাপদে আছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনুশীলন বাদ দিয়ে বাংলাদেশ দলের সবাই এখন হোটেলে অবস্থান করছেন বলে জানিয়েছে ক্রিকইনফো।

নিউ জিল্যান্ডের আরো একটি মসজিদসহ একাধিক স্থানে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। দিনটাকে নিউ জিল্যান্ডের জন্য ‘কালো একটি দিন’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

এমন অবস্থায় বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি বাতিলের ঘোষণা আসল।

এ ব্যাপারে নিউ জিল্যান্ডে বাংলাদেশের নিযুক্ত কনসাল জেনারেল শফিউর রহমান বলেন, "দলের সবাই নিরাপদে আছেন। টিম হোটলে অবস্থান করছেন। তবে কিছুটা আতঙ্কিত তারা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। দল দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।”

হ্যামিল্টন ও ওয়েলিংটনে এরই মধ্যে সিরিজের প্রথম দুই টেস্টে নিউ জিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজটি নিজেদের করে নিয়েছে কিউইরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত