বিমা নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গর্ভপাত বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ফ্রান্সের চিকিৎসকেরা।
দেশটির স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন সিনগুফ প্রায় ১৬০০ ডাক্তারের একটি তালিকা করেছে। তারা সবাই একই সিদ্ধান্ত নিয়েছেন।
চিকিৎসকদের ক্ষোভ মূলত বিমার ফান্ড নিয়ে। তাদের দাবি, সরকার থেকে যে বিমার ব্যবস্থা করা হয়েছে সেটি তাদের জন্য ‘নিতান্ত ভঙ্গুর’। সবাই এর আওতায় আসতে পারছেন না।
ফ্রান্সে ১২ সপ্তাহের আগে যেকোনো নারী নিজের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন। বহু বছর ধরে দেশটিতে এই নিয়ম চালু আছে। নারীরা অভিযোগ করেছেন, চিকিৎসকেরা তাদের এখন জিম্মি করে ফেলেছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, ‘সমঝোতার আগে নারীদের এভাবে জিম্মি করে ফেলার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
তিনি মনে করেন, তাদের এই হুমকি গর্ভপাতের অধিকারের জন্য ফ্রান্সের ‘নিঃশর্ত সম্মান’কে সমর্থন করে না।
মেডিকেল কাউন্সিল থেকে দুপক্ষকে দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি।
