সম্প্রতি ভারতীয় সেনা বাহিনীর এক মেজরের বিরুদ্ধে সহকর্মী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, পূর্ব বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে গাড়ির ভেতর সহকর্মীকে ধর্ষণ করেছে ২৯ বছরের মেজর অমিত চৌধুরী। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে মেজরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ৪ ফেব্রুয়ারি সিনিয়র এক কর্মীর বাড়িতে পার্টিতে গিয়েছিলেন তিনি। ফেরার সময় অভিযুক্ত তাকে ফোন করে একসঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করেন। খিদে পাওয়ায় ওই মহিলা ভাবেন গাড়িতে গিয়ে কিছু একটা খেয়েও নেবেন। এই ভেবে অমিতের গাড়িতে চড়ে বসেন তিনি। এরপর দুজনে একটি ফাঁকা জায়গায় গাড়ি পার্ক করে গাড়িতে বসেই মদ্যপান করেন। এরপর থেকেই তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন মেজর চৌধুরী। সে তাকে অযাচিতভাবে স্পর্শ করতে শুরু করে। মেজরকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করলে ওই মহিলাকে চড়-থাপ্পড় মারতে শুরু করা হয় বলে অভিযোগ।
অভিযোগে ধর্ষিতা লিখেছেন, 'তিনি আমায় জোর করে গাড়ির পেছনের সিটে নিয়ে যায়। এরপর আমায় ধর্ষণ করে। অবশেষে বাড়িতে ছেড়ে দেয়।'
এ ঘটনা জানাজানির পর ৮ ফেব্রুয়ারি ধর্ষিতার বাবা বেঙ্গালুরুতে মেয়ের কাছে যান। শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানানোর পাশাপাশি পুলিশেও অভিযোগ জানান তারা।
এদিকে বিবেক নগর পুলিশ মেজর চৌধুরীকে গ্রেপ্তার করলেও সে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে যায়। ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।
