জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা বলেছেন, বিএনপির জায়গা রাস্তায়, সংসদে নয়।
শনিবার কুমিল্লার বীরচন্দ্র নগর মিলনায়তন অডিটোরিয়ামে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলার ব্যানারে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আগুন সন্ত্রাস, ষড়যন্ত্র ও মানুষ হত্যার কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি বিরোধী দলেও থাকার যোগ্যতা অর্জন করতে পারে নাই। আমরা এক সঙ্গে নির্বাচন করার পরও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সিদ্ধান্তে সংসদে বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিরোধী দলে থেকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা বলেন, বিএনপি কখনই গণতন্ত্রের রাজনীতি করেনি। তারা মানুষ হত্যা, নির্যাতন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চেয়েছে এবং ক্ষমতায় থেকে রাষ্ট্র ও মানুষের সম্পদ লুট করেছে তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আর কিছুদিন পরে বিএনপিকে খুঁজেই পাওয়া যাবে না। আর এ কারণেই বিএনপির জায়গা রাস্তায় সংসদে নয়।
কুমিল্লায় জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ রওশন আরা মান্নানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ রওশন আরা মান্নান, উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফর রেজা খোকন। অনুষ্ঠানে জাতীয় পার্টির জেলা, মহানগর ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
