ক্যালিফোর্নিয়ায় বিএনপি পরিবাস ওপেনের নারী এককে চমক সৃষ্টি করেছেন কানাডিয়ান তরুণী বিয়ানকা আনড্রেসকু। প্রতিযোগিতাটির ইতিহাসে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসে ফাইনালে ওঠা প্রথম খেলোয়াড় হলেন এই টিনএজার।
২০১৯ সালের শুরুতে নারী টেনিস খেলোয়াড়দের বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫০ এর বাইরে ছিল ১৮ বছর বয়সী আনড্রেসকুর অবস্থান। ফলে ওয়াইল্ড কার্ড নিয়ে প্রতিযোগিতাটিতে নাম লেখাতে হয় তাকে। বিশ্ব র্যাঙ্কিংয়ে তার বর্তমান অবস্থান ৬০। কিন্তু বছরের শুরুতে তার অবস্থান ছিল ১৫২।
শনিবার রাতে সেমি-ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ষষ্ঠ বাছাই ইউক্রেনের এলিনা ভিতোলিনাকে ৬-৩, ২-৬, ৬-৪ গেমে হারান আনড্রেসকু।
সোমবার রাতে ফাইনালে উইম্বলডন চ্যাম্পিয়ন জার্মানির আঞ্জেলিক কেরবারের মুখোমুখি হবেন আনড্রেসকু। শিরোপার চূড়ান্ত লড়াইয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে প্রথমবারের মতো কোনো ডব্লিউটিএ শিরোপা জিতবেন এই তরুণী।
