‘অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০৭:১৩ পিএম

২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন ভার গ্রহণ করে বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেলে পরিণত করেছেন এবং অসম্ভবকে সম্ভব করছেন বলে মন্তব্য করলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, “উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে মর্যাদার জায়গায় বসিয়েছেন। তাই গৌরবোজ্জ্বল এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে”।

রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক লিমিটেড আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালন ও স্বাধীনতা অর্জনে বঙ্গমাতার অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “যারা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে ষড়যন্ত্র করেছিল, ভেবেছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করবে, তাদের সেই যড়যন্ত্র সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। ৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার মাধ্যমে এদেশের স্বাধীনতাবিরোধীরা ভেবেছিল তারা সফল হয়ে যাবে। কিন্তু ১৬ কোটি জনগণ তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেয়নি”।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, “ক্ষমতায় থাকলে অনেকে কেক কাটবে, কিন্তু ক্ষমতায় না থাকলে কেকটা কার কাছে আছে সেটিও জানা যাবে না। দেশকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ করতে হয় না, ভালো মানুষ হলেই হবে”।

সভায় সভাপতিত্ব করেন, বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক লিমিটেডের সভাপতি ড. মো. হাফিজুর রহমান, সভায় আরও অংশ নেন বঙ্গমাতা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সংগঠনের উপদেষ্টা গিয়াসউদ্দিন মাহমুদ, সাংবাদিক এম আনিসুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল কাদির।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত