সরকার ভুয়া মামলায় বিএনপির নেতাকর্মীদের কারাবন্দী করার জঘন্য খেলায় বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
গত ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা দখল করেছে বলে উল্লেখ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এখন আওয়ামী লীগ সরকার বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কারাবন্দী করার জঘন্য খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ফেনী জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইমাম হোসেন সেই বেপরোয়া খেলারই শিকার।
ইমাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান মির্জা ফখরুল। একই সঙ্গে অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত অসত্য ও বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
