নেদারল্যান্ডসের উট্রেখট শহরের একটি যাত্রীবাহী ট্রামে এক বন্দুকধারীর গুলিবর্ষণে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আলজাজিরা।
স্থানীয় আরটিভি উট্রেভট সংবাদমাধ্যম একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, শহরের পশ্চিমাঞ্চলের টুয়েন্টিফোর অক্তোবুর্পলেইন জংশনের কাছের ট্রামে ওই হামলার ঘটনা ঘটে। পুলিশের সন্ত্রাস দমন শাখার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, একটি যাত্রীবাহী ট্রামে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সহযোগিতার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানশেজ বলেছেন, একটি ট্রাম্পে বেশ কয়েকটি গুলি ছোড়া হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।
হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
