রাঙ্গামাটিতে উপজেলা আ’লীগের সভাপতিকে গুলি করে হত্যা

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১০:২৫ এএম

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলী চিয়ং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় ৬জন নিহতের পরদিন এ ঘটনা ঘটলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইকবাল বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশ বর্তমানে উপজেলা সদরে আছে। লাশের ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি নেওয়া প্রস্তুতি চলছে।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যার ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে বিক্ষোভ-মিছিল করা হবে এবং কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

জনসংহতি সমিতির জেলা সম্পাদক নীলোৎপল খীসা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা এই ধরনের রাজনীতির চর্চা করি না। এসব ঘটনার সঙ্গে আমাদের জড়ানোর চেষ্টা করা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীনপ্রচেষ্টা।”

প্রসঙ্গত, সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা সোমবার উপজেলা পরিষদের নির্বাচনে দলের প্রার্থী জয়সেন তঞ্চঙ্গ্যা পক্ষে কাজের দায়িত্বে ছিলেন। নির্বাচনে এই উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গ্যার কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জয়সেন তঞ্চঙ্গ্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত