সন্ত্রাসীর নাম মুখে নিতে নারাজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০১:৪১ পিএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর নাম উচ্চারণ করতে ইচ্ছুক নন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এ ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি।

মঙ্গলবার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে আরডার্ন বলেন, “সে (বন্দুকধারী) সন্ত্রাসের মাধ্যমে অনেক কিছুই অর্জন করতে চেয়েছিল, এর মধ্যে একটি হচ্ছে তার অপকর্ম ছড়িয়ে দেওয়া। ফলে তার নাম উচ্চারণ করতে আপনারা আমাকে কখনোই দেখবেন না।”

শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে জুমার নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্ট। এতে নিহত হন ৫০ জন এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৩৬ জন। পুরো ঘটনাটি  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করে ট্যারেন্ট।   

এ ঘটনায় ২৮ বছর বয়সী ইসলামবিদ্বেষী সন্ত্রাসী ট্যারেন্টের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে।

আরডার্ন বলেন, “যারা প্রাণ হারিয়েছে তাদের নিয়ে কথা বলার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি, যে ব্যক্তি তাদের প্রাণ কেড়ে নিয়েছে তাকে নিয়ে নয়। সে একজন সন্ত্রাসী। সে একজন অপরাধী। সে একজন চরমপন্থী। কিন্তু তাকে নিয়ে আমি যখন বলব, তার নাম মুখে আনব না।”

এদিন পার্লামেন্টে আরডার্ন  মুসলিমদের সম্ভাষণ সালাম দিয়ে বক্তব্য শুরু করেন। এর অর্থ, আপনার বা আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক।

কিউই প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেরও কঠোর সমালোচনা করেন। তার মতে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে আরও বেশি কিছু করতে হবে।

তিনি বলেন, “আপনি সব কিছু থেকে ব্যবসা করবেন কিন্তু দায় নেবেন না, এমনটা হতে পারে না।” 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত