সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামের এলজিইডি মোড় এলাকায় সোমবার রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের মৃত ফজল শেখের ছেলে।
আহত আমিনুলের খালাতো ভাই কায়ছার আলী মাসুদ দেশ রূপান্তরকে জানান, চক শিয়ালকোল গ্রামের আমির হোসেন গ্রুপের সঙ্গে আমিনুলদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আমির হোসেনের লোকজন প্রায়ই নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।
এ ঘটনায় গত ৮ মার্চ সদর থানায় একটি জিডিও করা হয়েছে। এরই জের ধরে সোমবার রাতে আমরা ওই জমিতে গেলে আমির হোসেনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমরা সবাই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে পারলেও আমার খালাতো ভাই আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, আহত আমিনুল ইসলামের মাথা, হাত, মুখ, পিঠ ও চোয়ালে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আবু দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
